সড়ক দুর্ঘটনা কেড়ে নিল মা ও দুই ছেলের প্রাণ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাবা ও মেয়ে। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে প্রজেক্ট রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মা সাঈদা আক্তার (৩৩), তাঁর দুই ছেলে সাইমন (১০) ও সাঈদুল (১)। আহত ব্যক্তিরা হলেন সাঈদার স্বামী দিদারুল কবির ও মেয়ে ইভা (৭)। দিদারুলের বাড়ি উপজেলার ইমামপুর গ্রামে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাঈনুদ্দীন ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফরিদ উদ্দীন বলেন, দিদারুল কবির তাঁর পরিবারের চার সদস্যকে নিয়ে বাসে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সকাল ছয়টার দিকে বারৈয়ারহাট বাজারে তাঁরা বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ছয়টার দিকে অটোরিকশাটি প্রজেক্ট রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও দুই ছেলের মৃত্যু হয়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।