মিরসরাইয়ে হত্যা মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
মিরসরাইয়ের চাঞ্চল্যকর নজরুল ইসলাম হত্যা মামলার এক পলাতক আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার উপজেলার ওচমানপুর ইউনিয়নের ওচমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত আসামি উপজেলার আজমপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে মো. রফিক।জানা গেছে, ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার ওচমানপুর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের ভাড়াটিয়া লোকজন। নজরুল হত্যাকাণ্ডের ঘটনায় ওই দিনই এলাকাবাসী ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে পিটিয়ে হত্যা করেছে।নজরুল হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মামা জসীম উদ্দিন বাদী হয়ে অপর ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি মো. রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে মো. রফিক এলাকায় এলে এলাকাবাসী তাঁকে গণধোলাই দিয়ে ওচমানপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজামেঞ্চল হোসেন জানান, রফিককে এলাকাবাসী গণধোলাই দিয়ে পরিষদে নিয়ে আসার পর তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।