মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের কমরআলী বাজারে হারুন বাহিনীর সশস্ত্র হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ওই বাহিনীর প্রধান সীতাকুণ্ডের মহালংকা গ্রামের হারুনসহ আটজনকে গ্রেপ্তার করেছে।এ হামলায় আহত আকবর কবির চৌধুরীর ভাই আজগর কবির চৌধুরী বাদী হয়ে শুক্রবার রাতে মিরসরাই থানায় মামলাটি করেন।পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হারুন বাহিনীর ৩৫-৪০ জনের একটি দল শুক্রবার রাত আটটার দিকে কমরআলী বাজারে হামলা চালায়। এ সময় তারা আকবর কবির চৌধুরী (৩৭), শাহআলম (৪০) ও আনোয়ার হোসেন (৩৫) নামের তিনজনকে কুপিয়ে আহত করে। পরে তারা বাজারের কয়েকটি দোকান ও চারটি মোটরসাইকেলও ভাঙচুর করে।গুরুতর আহত আকবর কবির চৌধুরীকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে পরে তাঁকে ঢাকার বেসরকারি একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। আহত আকবরের বাড়ি মিরসরাইয়ের মুরাদপুর গ্রামে। তিনি উপজেলার হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর ভাই। নিজামপুর পুলিশ ফাঁড়ির (তদন্তকেন্দ্র) ইনচার্জ আসলাম সিকদার বলেন, হারুন দীর্ঘদিন ধরে এলাকায় তাণ্ডব চালালেও ভয়ে কেউ মামলা করে না। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।