মিরসরাইয়ে ৩৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার
চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে ৩৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বামনসুন্দর এলাকা থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম জানান, সকালে বামনসুন্দর এলাকা থেকে স্থানীয় কাটাছরা ইউনিয়ন পরিষদের নারী সদস্য রোকেয়া বেগম স্থানীয় লোকজন ফেনসিডিল আটক করেছে বলে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে সেখানকার বাসিন্দা আবুল হাসেমের ঘর তল্লাশি করে। ওই ঘরে তিনটি বস্তায় ফেনসিডিলগুলো পাওয়া যায়। তবে তল্লাশি চালানোর আগেই বাড়ির সবাই পালিয়ে যান। ইব্রাহীম জানান, ওই এলাকার বাসিন্দা আবুল কালামের জামাতা মো. আক্তার ফেনসিডিলগুলো আবুল হাসেমের বাড়িতে রেখেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আক্তারের বাড়ি উপজেলার মায়ানী ইউনিয়নের মায়ানী গ্রামে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ফেনসিডিলের দাম প্রায় দেড় লাখ টাকা। আক্তারসহ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।