চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গতকাল এক গয়নার দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের তাহেরা মার্কেটের রূপসী জুয়েলার্স থেকে এসব স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এ সময় দুজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় রূপসী জুয়েলারির মালিক দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ক্রেতা সেজে কয়েকজন ডাকাত দোকানে ঢুকে পিস্তল ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের মালিক এবং কর্মচারীদের জিম্মি করে। মালিক রেদোয়ানুল হক প্রতিবাদ করতে গেলে ডাকাতেরা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ওই স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতি শেষে তারা চলে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। ওই সময় অজ্ঞাতপরিচয় এক পথচারী আহত হন।আহত রেদোয়ানুল হক বারইয়ারহাট জেনারেল হাসপাতাল থেকে মুঠোফোনে জানান, তাঁর দোকান থেকে ডাকাতেরা প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার লুট করেছে।বারইয়ারহাট পৌর বাজারের সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ জানান, ডাকাতেরা মুখোশ পরায় ব্যবসায়ীরা তাদের চিনতে পারেননি। বাজারের ব্যবসায়ীরা এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন।