মিরসরাইয়ের মহামায়া লেক রাতে মাছচোরদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মিরসরাইয়ের মহামায়ায় চলছে মাছ চুরির মহোৎসব। লেকটিতে দিনে শত শত পর্যটক ভিড় জমালেও রাতে থাকে মাছচোরদের দখলে। ১১ বর্গকিলোমিটার আয়তনের এই লেকে সন্ধ্যা হলেই অবৈধভাবে মাছ ধরছে স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট। লেক থেকে মাছ ধরতে ব্যবহার করছে কারেন্ট জালসহ বিশেষভাবে বোনা বড় মাছ ধরার জাল। ২০১০ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।জানা গেছে, চলতি বছর বেশ কয়েকবার পুলিশ অভিযান চালিয়ে মাছ ধরার জাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করলেও এখনো ধরতে পারেনি মাছ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং একজন চেয়ারম্যানের বাসায় লেকের মাছ উপহার হিসেবে প্রতিনিয়ত পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, দুর্গাপুর ইউনিয়নের একজন প্রভাবশালী আওয়ামী লীগের নেতার ঘনিষ্ঠ এক আত্মীয় মাছ চুরির সঙ্গে সরাসরি জড়িত। মিরসরাইয়ের মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, প্রতি অর্থবছরে সরকারের মৎস্য বিভাগ লাখ লাখ টাকার মাছের পোনা অবমুক্ত করে এই লেকে। ২০১০, ১১ ও ১২ সালে ১৫ লাখ টাকার পোনা অবমুক্ত করে সরকার। স্থানীয় লোকজন জানান, প্রথম বছর অবমুক্ত করা মাছের গড় ওজন প্রায় আট কেজি। অভিযোগ রয়েছে, এসব মাছ স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় বিক্রি হচ্ছে মিরসরাইসহ চট্টগ্রাম-ফেনীর বিভিন্ন আড়তে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান বলেন, ওই এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি একটি আলাদা কমিটি রয়েছে। ওই কমিটির প্রধান ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন।চেয়ারম্যান সাইফুল ইসলাম কমিটি থাকার সত্যতা স্বীকার করে বলেন, মূলত পুলিশকে সহায়তা করার জন্য ওই কমিটি করা হয়েছিল। মাছ চুরির বিষয়টি তিনিও শুনেছেন বলে জানান। কমিটির সবার সঙ্গে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে লেক ব্যবস্থাপনার বিষয়টি সরকার কর্তৃক নির্ধারণ করা না হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন।