মিরসরাইয়ের সেই বাড়ির মালিক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরস-রাইয়ের একটি বাড়ি থেকে ২৯টি গ্রেনেড (বোমা), ৯টি চাপাতি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার বাড়ির মালিক রিদওয়ান উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজা এই আদেশ দেন।
এর আগে গত বুধবার রাতে এই ঘটনায় মিরসরাই থানায় মামলা করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলায় গ্রেপ্তার দুই জঙ্গি জসীম উদ্দিন ও মো. হাসান এবং বাড়ির মালিক রিদওয়ানসহ আটজনকে আসামি করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় রিদওয়ান উদ্দিন নামের এক আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামির পক্ষে কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম বলেন, গত বুধবার রাতে রিদওয়ানকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।
ওসি বলেন, গত বুধবার রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল বাশার গ্রেপ্তার দুই জঙ্গিসহ আটজনের নাম উল্লেখ করে মামলা করেন।
গত মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকায় পুলিশ বাসে তল্লাশি চালাতে গেলে দ্রুত বাস থেকে নেমে যায় দুই জঙ্গি। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। পরে জসিম উদ্দিন ও মো. হাসান নামের দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার মিরসরাই উপজেলা সদরের পূর্ব গোভনিয়া এলাকার রিদওয়ান মঞ্জিল নামের দোতলা বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাসার নিচতলায় দুই জঙ্গি ভাড়া থাকত।