মিরসরাইয়ের সেই বাড়ির মালিকের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রেনেড, চাপাতি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার বাড়ির মালিক রিদওয়ান উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার শুনানি শেষে এই আদেশ দেন।
৭ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকায় পুলিশ বাসে তল্লাশি চালাতে গেলে দ্রুত বাস থেকে নেমে যায় দুই ব্যক্তি। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। পরে জসিম উদ্দিন ও মো. হাসান নামের দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ৮ মার্চ মিরসরাই উপজেলা সদরের পূর্ব গোভনিয়া এলাকার রিদওয়ান উদ্দিনের মালিকানাধীন রিদওয়ান মঞ্জিলে অভিযান চালায় পুলিশ। ওই বাড়ির নিচতলায় দুই জঙ্গি ভাড়া থাকত।
বোমা উদ্ধারের ঘটনায় ওই দিন রাতে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় জসিম উদ্দিন, মো. হাসান, বাড়ির মালিক রিদওয়ান উদ্দিনসহ আটজনকে আসামি করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, দুই জঙ্গি ও বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করতে গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তাঁদের মধ্যে বাড়ির মালিক রিদওয়ানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতে তাঁর কোনো আইনজীবী ছিলেন না। তিনি জানান, অপর দুই আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার জঙ্গিদের সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য যাচাই-বাছাই করা হবে।