মিরাজকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের শিশু রবিউল (১১) হত্যা মামলার প্রধান আসামি মিরাজ খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গতকাল বুধবার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
আমতলীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজন্তি বিশ্বাসের আদালতে গতকাল সকালে মিরাজকে হাজির করা হয়। তিনি রবিউল হত্যার দায় স্বীকার করে গত ৬ আগস্ট একই আদালতে জবানবন্দি দেন। তবে রবিউলের বাবা দুলাল মৃধার অভিযোগ, মিরাজের ওই স্বীকারোক্তি পুলিশের শিখিয়ে দেওয়া। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের রক্ষার জন্যই পুলিশ এ কাজ করেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা আন্তরিকতার সঙ্গে মামলাটির তদন্ত করছি এবং মিরাজ আদালতে যে কথা বলেছেন, আমাদের কাছেও একই কথা বলেছেন। আদালতে দেওয়া তথ্য যাচাইয়ের জন্যই আমরা কারা ফটকে আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করব।’
পুলিশ জানায়, রবিউল গত ৩ আগস্ট রাতে বাড়ির পাশের ঘেরে মাছ ধরা দেখতে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস ফরাজীর ইজারা নেওয়া লখনার খালে পরদিন সন্ধ্যায় শিশুটির লাশ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মিরাজ হোসেনকে পুলিশ গত ৫ আগস্ট গ্রেপ্তার করে।
মানববন্ধন: আমতলী উপজেলা পরিষদের সামনের রাস্তায় গতকাল সকালে নাগরিক মঞ্চ নামের একটি সংগঠন রবিউলসহ দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে।