মিরাজকে খুলনা জেলা প্রশাসনের সংবর্ধনা
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে সংবর্ধনা দিয়েছে খুলনা জেলা প্রশাসন। সদ্য সমাপ্ত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে ম্যান অব দ্য সিরিজ হওয়ায় এবং নতুন বিশ্ব রেকর্ড গড়ায় খুলনার এই ছেলেকে সংবর্ধনা দেওয়া হয়।
খুলনা সার্কিট হাউস মিলনায়তনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংবর্ধনার আয়োজন করা হয়। খুলনাবাসীর পক্ষে মিরাজের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
জেলা প্রশাসক বলেন, ‘মিরাজকে নিয়ে আমরা আনন্দিত-উল্লসিত। আমরা চাই মিরাজের ধারাবাহিকতায় যেন কোনো ছেদ না পড়ে। মিরাজ যেন কখনো হারিয়ে না যায়। সে যেন নতুন প্রজন্মের আদর্শ হয়ে ওঠে।’
মিরাজের প্রথম কোচ আল মাহমুদ উদীয়মান ক্রিকেটারদের জন্য একখণ্ড জমির ব্যবস্থা করতে জেলা প্রশাসনকে অনুরোধ করেন।
মিরাজ বলেন, ‘আমি আনন্দিত। ইংল্যান্ডের মতো ক্রিকেটের বড় শক্তিকে হারানো বেশ বড় অর্জন। এই সিরিজে আমি মোটামুটি ভালো খেলেছি। আমার এই অর্জন সারা দেশের, এই অর্জন খুলনার।’
মিরাজ আরও বলেন, ‘আমি অনেক কষ্ট করে ক্রিকেট খেলেছি। ক্রিকেটার হওয়ার পেছনে আমার কোচ, বড় ভাই, বন্ধুদের অবদান অনেক বড়। আব্বু চাইতেন আমাকে জজ-ম্যাজিস্ট্রেট বানাতে, আমি পালিয়ে ক্রিকেট খেলতাম। তবে আব্বু বাধা না দিলে হয়তো কোনো দিনই মিরাজ হতে পারতাম না আমি।’
জার্সি নম্বর ৫৩ হওয়া সম্পর্কে মিরাজ বলেন, ২০০৭ সালে অনূর্ধ্ব–১৪ দলে খুলনা জেলার হয়ে প্রথম ম্যাচ খেলেন বাগেরহাটের বিরুদ্ধে। ওই ম্যাচে তিনি ৫৩ রান করেন। আর এ কারণেই তাঁর জার্সি নম্বর ৫৩।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মিরাজের বাবা জালাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গিয়াস উদ্দীন, নির্বাহী হাকিম আতিকুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।