মিরাজের পরিবারকে বাড়ি বানিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী

মেহেদী হাসান মিরাজ মিরপুর টেস্টে ১২ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। আর দুই টেস্টের সিরিজে ১৯ উইকেট নিয়ে দেশের হয়ে গড়েছেন নতুন রেকর্ড। অনেকেরই জানা ছিল না নিতান্তই অসচ্ছল পরিবারের সন্তান বিশ্ব ক্রিকেটের এই নতুন বিস্ময়-বালকের বাস খুলনায় টিনের চালের একটি ভাড়া বাড়িতে। এটি জানা ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। গণমাধ্যমে এ খবরটি প্রকাশ পেতেই তাই
এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনায় মিরাজের পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। শিগগিরই তাই ভাড়া বাড়িতে থাকার কষ্টের জীবন শেষ হতে চলেছে মিরাজের পরিবারের।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন গতকাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর এই নির্দেশনা তাঁর মুখ্য সচিব আবুল কালাম আজাদ খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন।’ আশরাফুল আলম খোকন বলেন, খুলনায় উপযুক্ত স্থান খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।
মিরাজের কৃতজ্ঞতা প্রকাশ: বাসস জানিয়েছে, ক্রিকেটার মিরাজ এবং তাঁর বাবা জালাল উদ্দিন তাঁদের পরিবারের জন্য একটি বাড়ি বানিয়ে দিতে উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল মিরাজ বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পরিবারের জন্য বাড়ি বানিয়ে দেওয়ার উদ্যোগ নিয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, এ জন্য প্রধানমন্ত্রী এবং দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।’
মিরাজের দরিদ্র পিতা জালাল উদ্দিনও এ খবরে একই অনুভূতি প্রকাশ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।