মিরাশার চাষি বাজারে ফসলের ন্যায্যমূল্য

জোহরের আজানের পরপরই কৃষক খেতে উৎপাদিত টমেটো, করলা, আলু, পেঁয়াজসহ নানা ফসল নিয়ে হাজির হন বাজারে। ধীরে ধীরে ক্রেতা-বিক্রেতায় সরগরম হয়ে ওঠে হাট। কৃষক ফসলের দর হাঁকছেন, পাইকারেরা দাম বলছেন। কোনো মধ্যস্বত্বভোগী নেই।
হাটে কৃষককে দামে ঠকানোর সুযোগ নেই। দরদামে বনিবনা হলেই বিক্রি হচ্ছে। কেনাবেচা করে কৃষক-ক্রেতা উভয়ই খুশি। এ চিত্র শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের মিরাশার চাষি বাজারের। মধ্যস্বত্বভোগী ছাড়া এমন বাজার সারা দেশে অনুকরণীয় হতে পারে—বলছেন স্থানীয় কৃষি বিভাগ, প্রশাসন ও কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ২০০৮ সালের ২৯ জানুয়ারি বাজারটির যাত্রা শুরু। সে বছরই জাজিরা উপজেলা সমবায় কার্যালয় থেকে মিরাশার চাষি বাজার সমবায় সমিতি নামে নিবন্ধন নেওয়া হয়। এক একর জায়গার ওপর বাজারটি গড়ে ওঠে।
বর্তমানে পাঁচ একর জায়গায় বাজার বসছে। প্রতিদিন দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত বাজারে কৃষিপণ্য কেনাবেচা হচ্ছে। জাজিরা, নড়িয়া ও পাশের মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষক তাঁর উৎপাদিত ফসল বিক্রির জন্য এ বাজারে আনেন।
জাজিরার বালিয়াকান্দি গ্রামের রমিজ উদ্দিন সরদার গত বুধবার আট মণ টমেটো নিয়ে মিরাশার চাষি বাজারে আসেন। প্রতি কেজি টমেটো ১৬ টাকা দাম চান। ক্রেতা ১৫ টাকা বলায় সেই দামেই বিক্রি করেন।
তিনি বলেন, ‘আগে জমিতে বসে ক্রেতা যা দাম বলতেন তাতেই ফসল বিক্রি করতে হতো। বাজারে দাম যাচাই করার সুযোগ পেতাম না। এখন এ হাটে ফসল সরাসরি বিক্রি করতে পারছি। কেউ চাইলেই আমাদের ঠকাতে পারেন না।’
নড়িয়ার রাজনগর গ্রামের দাদন মোল্লা বলেন, ‘১১০টি লাউ নিয়ে এসেছি, তিনজন দাম বলেছেন। চতুর্থ ক্রেতা দাম বেশি বলায় তাঁর কাছে বিক্রি করেছি।’
গত বুধবার গিয়ে দেখা যায়, জাজিরা, নড়িয়া ও শিবচরের অন্তত পাঁচ শতাধিক কৃষক ফসল নিয়ে বাজারে এসেছেন। বাজারে পাইকারেরা কৃষকের কাছ থেকে পণ্য কিনে ট্রাক, ভ্যান ও পিকআপে করে নিয়ে যাচ্ছেন। মালামাল ওজন দেওয়া ও বস্তায় বেঁধে দেওয়ার জন্য ৩৫টি আড়ত রয়েছে।
মিরাশার চাষি বাজার সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, ফসল থেকে যাতে মধ্যস্বত্বভোগী ফায়দা লুটতে না পারেন—এমন উদ্দেশ্য নিয়ে বাজারটি চালু করা হয়। বাজারটি অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক কবির হোসেন বলেন, কৃষক ঘাম ঝরিয়ে ফসল ফলান। কিন্তু মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্যমূল্য পান না। কৃষকের পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার ক্ষেত্রে এ বাজারটি সারা দেশে অনুকরণীয় হতে পারে।