মিরেরচর-হাসনাজির সড়ক খানাখন্দে ভরা, ভোগান্তি
সিলেটের বিশ্বনাথ উপজেলার মিরেরচর-হাসনাজির সড়ক সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে এবং সড়কের কোনো কোনো স্থানে ফাটল দেখা দিয়েছে। এ কারণে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
ওই সড়ক দিয়ে চলাচলকারী কয়েক ব্যক্তি ও এলজিইডি সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের উত্তর মিরেরচর, রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও, পুরানগাঁও, বিশঘর (একাংশ), দৌলতপুর ইউনিয়নের হাসনাজির ও ধনপুর গ্রামের জনসাধারণ এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। ২০০৬ সালের ১ জুলাই উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন এই সড়কের প্রথম এক কিলোমিটার পাকা করে উদ্বোধন করা হয়। এরপর এই সড়কের কোনো সংস্কার করা হয়নি। প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের প্রথম এক কিলোমিটার পাকা, পরবর্তী প্রায় আধা কিলোমিটারে ইটের সলিং করা হয়েছে এবং অবশিষ্ট অংশে শুধু মাটি ফেলা হয়েছে। প্রথম এক কিলোমিটারে সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক গর্ত ও ফাটল, যে কারণে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা। সড়কটির শেষের প্রায় আড়াই কিলোমিটারে বর্ষা মৌসুমে যাতায়াত করা কঠিন। বৃষ্টির সময় সড়কে কাদা হওয়ায় জনসাধারণের দুর্ভোগ বেড়ে যায়।
মিরেরচর-হাসনাজির সড়কের দুই পাশে তিনটি গ্রামে তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে চলাচল করে। কয়েক শ শিক্ষার্থীকেও প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। এ ছাড়া এলাকার রোগীদের এই সড়ক দিয়ে চিকিৎসাসেবা নিতে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। কিন্তু সড়কটির বেহাল দশার কারণে রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার ও পিচঢালাইয়ের দাবি জনপ্রতিনিধিদের কাছে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। জনদুর্ভোগ লাঘবে তাঁরা শিগগিরই সড়কটি সংস্কারের দাবি করেন।
পুরানগাঁও গ্রামের শফিকুল ইসলাম জানান, সড়কটির করুণ দশায় তাঁরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষাকালে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। ইলামেরগাঁও গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আমির আলী জানান, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পড়ে যানবাহনের ক্ষতি হচ্ছে। যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছে।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমির আলী জানান, সড়কটি সংস্কার ও পাকা করা হলে উপজেলা সদরের সঙ্গে তাঁর ইউনিয়নের বেশির ভাগ মানুষের যোগাযোগ সহজ হবে।
উপজেলা প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী জানান, পর্যায়ক্রমে উপজেলার সড়কগুলোর সংস্কারকাজ বাস্তবায়ন করা হচ্ছে। তবে স্থানীয় সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াও জানান, পর্যায়ক্রমে সড়কগুলোর সংস্কার ও পিচঢালাইয়ের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।