মিরেরহাটে প্রবাসীর বাড়ির রাস্তা কাটার মামলায় কেউ গ্রেপ্তার হয়নি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিরেরহাটে এক প্রবাসীর বাড়ির রাস্তা কেটে ফেলার ঘটনায় ১১ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রবাসী আবুল কালাম অভিযোগ করেছেন, স্থানীয় হায়াত দৌলত দলবল নিয়ে তাঁর কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করেন, অন্যথায় নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। টাকা না দেওয়ায় দৌলত ও তাঁর লোকজন ১৪ ফেব্রুয়ারি সকালে বাড়ির রাস্তা কেটে পাকা দেয়াল ভেঙে দেন। ঘটনাস্থলে তাঁদের হামলায় কালামের মা সাবা খাতুন (৬০), স্ত্রী খালেদা আকতার (৪০) ও মেয়ে সুমা আক্তার (২২) আহত হন। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় হায়াত দৌলতসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। আবুল কালাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করে আমি হুমকির মুখে পড়েছি। তাঁদের হুমকির কারণে ঘটনাস্থলে যেতে না পেরে বাড়ির নির্মাণকাজ বন্ধ রেখে আলমপুরে পুরোনো বাড়িতে অবস্থান করছি।’তবে অভিযুক্ত হায়াত দৌলত প্রবাসী কালামের বাড়ির চলাচলের রাস্তা কাটা এবং হামলার কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তিনি কোনো চাঁদা কিংবা টাকা দাবি করেননি।