মির্জপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
চারদলীয় ঐক্যজোটের রোডমার্চ কর্মসূচিকে স্বাগত জানিয়ে মাইকিং করা নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল মঙ্গলবার বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহত ব্যক্তিদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, রোডমার্চকে স্বাগত জানাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী ও টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম আজাদ স্বাধীনের অনুসারীরা গতকাল সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে সমবেত হতে থাকেন। তাঁরা মাইকে নানা স্লোগান দিয়ে নেতা-কর্মীদের উৎসাহ দেন। সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের পাকুল্যাতে স্বাধীন পক্ষের অনুসারীরা আবুল কালাম আজাদের অনুসারীদের মাইকের তার ছিঁড়ে ফেলেন। পরে আবুল কালাম আজাদের সমর্থকেরাও স্বাধীন পক্ষের অনুসারীদের মাইকের তার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এ কে এম আজাদ স্বাধীন, বরকত উল্লাহ সরকার, এস এম রাশেদসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় এ কে এম আজাদ স্বাধীন বিকেলে মির্জাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, রোডমার্চ উপলক্ষে মহাসড়কের বিভিন্ন স্থানে তাঁর উদ্যোগে ২০টি তোরণ ও শতাধিক ফেস্টুন লাগানো হয়েছে। এতে আবুল কালাম আজাদের লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন।জানতে চাইলে আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ঘটনাটি শুনে তিনি সেখানে গিয়ে নেতা-কর্মীদের শান্ত করেন।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্ত বলেন, দুই পক্ষের মাইক বাজানো নিয়ে এ ঘটনার সূত্রপাত। পরে আবুল কালাম আজাদ সিদ্দিকী ও এ কে এম আজাদ স্বাধীনের সমঝোতায় উভয় পক্ষের সমর্থকেরা পাকুল্যা বাসস্ট্যান্ড ছেড়ে অন্যত্র অবস্থান নেন।