মির্জা আনোয়ারুল ইসলামের দাফন সম্পন্ন

শ্রদ্ধা ও ভালোবাসায় গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা মির্জা আনোয়ারুল ইসলামকে শেষ বিদায় জানিয়েছেন দিনাজপুরবাসী।
গত বুধবার দিনাজপুর শহরের কালীতলা এলাকায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল দুপুরে মির্জা আনোয়ারুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর হাতে গড়া সংগঠন দিনাজপুর উদীচী প্রাঙ্গণে। সেখান থেকে শহরের বাহাদুরবাজার এলাকায় তিনি যে প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন, সেই দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণে শিল্পী-কর্মীরা ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর মরদেহ নেওয়া হয় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দান সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
বিকেল তিনটায় মির্জা আনোয়ারুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় দিনাজপুর বড় ময়দানের ক্রিকেট মাঠে। সেখানে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা হিসেবে মির্জা আনোয়ারুল ইসলামকে সশস্ত্র সালাম জানায়।
গোর এ শহীদ ময়দানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় দিনাজপুর শহরের কালীতলা এলাকার সোনাপীর গোরস্থানে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে ওই গোরস্থানে মির্জা আনোয়ারুল ইসলামকে সমাহিত করা হয়।