মির্জা আনোয়ারুলের মৃত্যুতে উদীচীর শোকসভা
মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও দিনাজপুর উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা মির্জা আনোয়ারুল ইসলাম স্মরণে গত শুক্রবার রাতে শোকসভা হয়েছে। দিনাজপুর উদীচী এর আয়োজন করে।
শোকসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর উদীচীর সভাপতি রেজাউর রহমান। এতে মির্জা আনোয়ারুলের জীবনদর্শন ও কর্ম নিয়ে আলোচনা করেন দিনাজপুর উদীচীর সাবেক সভাপতি সাংবাদিক আসাদুল্লাহ্ সরকার, সেক্টর কমান্ডারস ফোরাম জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর মহিলা পরিষদের সাবেক সভাপতি আজাদী হাই, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি মো. রবিউল আউয়াল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলার সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন, উদীচীর সহসভাপতি জলিল আহমেদ, সাধারণ সম্পাদক সত্য ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক সুজন দে, সদস্য সীমা সরকার, সুলতানা রাজিয়া, মির্জা আনোয়ারুলের মেয়ে ফারজানা আনোয়ার, স্ত্রী আকতার কহিনূর ইসলাম প্রমুখ।
শোকসভার শুরুতে মির্জা আনোয়ারুলের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিনাজপুর উদীচীর সহসভাপতি বিমান দাস, সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক দাস, মো. জাকিউল আলম তাঁর (মির্জা আনোয়ারুল) প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন।
মির্জা আনোয়ারুল ৮৩ বছর বয়সে গত ২৫ জানুয়ারি দুপুরে শহরের কালীতলা এলাকায় নিজ বাসভবনে মারা যান।