মির্জা আব্বাস, রফিকুল ইসলাম খান ও মোয়াজ্জেমের জামিন
পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ তাঁদের করা পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এর মধ্যে হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার পৃথক তিনটি মামলায় মির্জা আব্বাসের চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা চার সপ্তাহের মধ্যে জানাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়। জানা যায়, ২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আগের রাতে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে তিনটি মামলা হয়। ২৯ জুন পল্টন, মতিঝিল ও রমনা থানায় মামলাগুলো করা হয়। হরতালের দিনই তিনি গ্রেপ্তার হন। বর্তমানে মির্জা আব্বাস কারাগারে আছেন। এদিকে পৃথক ছয় মামলায় রফিকুল ইসলাম খানের আগাম জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়।জানা গেছে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ ও ৩০ জুন, ৩ জুলাই রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে পল্টন থানায় এবং একই অভিযোগে মতিঝিল থানায় আরেকটি মামলা করা হয়। তাঁর বিরুদ্ধে পোশাকশ্রমিকদের অসন্তোষে ইন্ধনের অভিযোগে ৩০ জুন কাফরুল থানায় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ২৯ জুন নিম্ন আদালতে মামলা করা হয়।এ ছাড়া পুলিশের কাজে বাধাদান ও মারধরের অভিযোগে মোয়াজ্জেম হোসেনের দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরের নেতৃত্বাধীন বেঞ্চ। ২২ আগস্ট পল্টন থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।