মির্জা আব্বাস খোকাসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
গাড়ি ভাঙচুর ও হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির নিখোঁজ নেতা সালাহ উদ্দিন আহমদ এবং মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকাসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় বিএনপির নিখোঁজ নেতা সালাহ উদ্দিন আহমদ এবং সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় একজন মারা যান। এ ঘটনায় ৩০ ডিসেম্বর উপপরিদর্শক (এসআই) আল মামুন বাদী হয়ে সাদেক হোসেন খোকা ও সালাহ উদ্দিন আহমদকে আসামি করে রামপুরা থানায় মামলা
করেন।
গতকাল মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকাসহ ৩৭ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক ধারায় দুটি অভিযোগপত্র দেওয়া হয়। দুটি মামলায় ৩৭ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় সাতজন কারাগারে আটক আছেন। অন্যরা জামিনে আছেন। সাদেক হোসেন খোকা ও নিখোঁজ সালাহ উদ্দিন আহমদকে পলাতক দেখানো হয়েছে।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামির মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বের চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মশিউর রহমান, তানভীর হক ও সোহাগ রানা ভূঁইয়া।