মির্জা আব্বাস 'মগ', খোকন 'ইলিশ'

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন নির্বাচনী প্রতীক পেয়েছেন ‘ইলিশ’। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পেয়েছেন ‘মগ’।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে মহানগর নাট্য মঞ্চের কাজী বশির মিলনায়তনে নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতীক বরাদ্দ চলছে।
মেয়র পদের অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন ‘সোফা’ প্রতীক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান (রিপন) পেয়েছেন কমলালেবু প্রতীক এবং সাবেক সাংসদ গোলাম মাওলা রনি পেয়েছেন ‘আংটি’ প্রতীক।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর মির্জা আব্বাসের কর্মী-সমর্থকেরা মিলনায়তনের ভেতরেই স্লোগান দেওয়া শুরু করলে নির্বাচন কমিশন তাঁদের নিবৃত্ত করে। এ সময় মির্জা আব্বাস উপস্থিত ছিলেন না।
নিজের প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাঈদ খোকন সেখানে থাকা গণমাধ্যম কর্মীদের উদ্দেশে হাত তুলে বিজয়ের ‘ভি’ চিহ্ন দেখান। এর পর নিজের কর্মী-সমর্থকদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যান।
গতকাল মনোনয়ন প্রত্যাহার শেষে দক্ষিণ সিটিতে মেয়র পদে এখন ভোটযুদ্ধে ২০ জন টিকে রয়েছেন।
নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৩৮৬ জন ও সংরক্ষিত পদে ৯৫ জন। সাধারণ ওয়ার্ডে ২০১ ও সংরক্ষিত পদে ৪৯ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
আরও পড়ুন: