মির্জা আব্বাসকে প্রচারণার সুযোগ দেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসকে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয় হওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির জন্য সরকারের উচিত মির্জা আব্বাসকে প্রচার চালানোর সুযোগ দেওয়া। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচার কার্যক্রম থেকে আব্বাসকে কৌশলে দূরে রেখে একতরফা নির্বাচনের তৎপরতা চালানোর পাঁয়তারা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দক্ষিণের ৪৮ নম্বর ওয়ার্ড এলাকার সায়েদাবাদে আর কে চৌধুরী ডিগ্রি কলেজের সামনে থেকে আফরোজা আব্বাস স্বামীর পক্ষে গণসংযোগ শুরু করেন। তিনি গোলাপবাগ, ব্রাহ্মণচিরণ, সায়েদাবাদ, উত্তর যাত্রাবাড়ী, মীর হাজীরবাগসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে পরিবারের সদস্য ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ছিলেন। তিনি হেঁটে কয়েক কিলোমিটার এলাকায় প্রচার চালান। এ সময় ভোটারদের কাছে লিফলেট তুলে দিয়ে স্বামীর জন্য ভোট চান।
আলাপকালে আফরোজা আব্বাস বলেন, সরকারি দলের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা নির্বাচনী প্রচারণা ও গণসংযোগসহ এ-সংক্রান্ত কাজে যেসব সুযোগ-সুবিধা পাচ্ছেন, তাঁরা সেসব পাওয়া তো দূরের কথা, রীতিমতো সরকারের ও সরকারি দলের নানামুখী চাপের মধ্যে আছেন। হয়রানি করার জন্য নানাভাবে, নানা ছুতায় প্রশাসনের মাধ্যমে চাপ দেওয়া হচ্ছে।
গোলাপবাগে প্রচারণা চালানোর সময় স্থানীয় বাসিন্দারা আফরোজার কাছে তাঁর স্বামীর কথা জানতে চান। তিনি প্রকাশ্যে আসতে পারবেন কি না, তা-ও জানতে চান। আফরোজা আব্বাস ভোটারদের কাছে স্বামীর জন্য দোয়া চান। তাঁকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ভোটাররা পাশে থাকলে কোনো শক্তি মির্জা আব্বাসকে আটকে রাখতে পারবে না।
ভোটারদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন আফরোজা আব্বাস। তিনি ভোটারদের বলেন, তাঁর স্বামী ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি জানেন কোন এলাকার কী সমস্যা। আফরোজা ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে মির্জা আব্বাস প্রতিটি এলাকার সমস্যা সমাধানে সর্বশক্তি দিয়ে কাজ করবেন।
দুপুরে শান্তিনগর বাজার রোড, পীরসাহেব গলি ও বেইলি রোডসহ বিভিন্ন এলাকায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। জাতীয়তাবাদী ওলামা দল লালবাগ ও চকবাজারে গণসংযোগ করে।