মির্জা আব্বাসের জামিন আবেদনের আদেশ বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা আব্বাস। ফাইল ছবি
মির্জা আব্বাস। ফাইল ছবি

পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর দুই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী বুধবার শুনানির আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় মির্জা আব্বাস আগাম জামিনের আবেদন করলেও এ ব্যাপারে শুনানি নেননি আদালত।

আজ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ তিনটি মামলার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে দুদকের মামলার শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ থাকায় মির্জা আব্বাসের দুদকের মামলার শুনানি গ্রহণ করা হয়নি।

হাইকোর্টে গাড়ি পোড়ানোর এ দুটি মামলায় মির্জা আব্বাসের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে মাহবুবে আলম বলেন, দুটি আবেদনের শুনানি শেষে আদালত আগামী বুধবার আদেশের দিন ধার্য করেছেন। আদালত বলেছেন, এ সময়ের মধ্যে মির্জা আব্বাস যে অবস্থায় আছেন, সে অবস্থায় থাকবেন। অর্থাৎ এই দুটি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারবে না। তবে, এ মামলার ব্যাপারে হাইকোর্টের আদেশের আগে তিনি কোনো নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে বা গণমাধ্যমে বক্তব্য দিতে পারবেন না।
দুদকের করা মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা যাবে কি না এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি অ্যাটর্নি জেনারেল।