মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
নাশকতার দুই মামলায় আত্মসমর্পণের পর জামিনের আবেদন নামঞ্জুর করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
এ ছাড়া দুর্নীতির অভিযোগে করা একটি মামলায়ও মির্জা আব্বাসের জামিনের আবেদন নাকচ হয়।
মির্জা আব্বাস রাজধানীর পল্টন ও মতিঝিল থানার দুটি নাশকতা মামলায় গতকাল সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মাহবুবুর রহমান ওই আবেদন নাকচ করে মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুর্নীতির অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় বিকেলে মির্জা আব্বাসের জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক আমিনুল হক।
মির্জা আব্বাসের জামিন চেয়ে তাঁর আইনজীবীরা আদালতকে বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। কোনো মামলায় পলাতক ছিলেন না। তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাই তাঁকে জামিন দেওয়া হলে পলাতক হবেন না।
মির্জা আব্বাসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মেজবাহ উদ্দিন প্রমুখ।