মির্জা আব্বাসের জামিন শুনানি এক সপ্তাহ পিছিয়ে ২৭ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা মির্জা আব্বাসের আগাম জামিন আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে। গতকাল মঙ্গলবার তাঁর আইনজীবীর করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল মির্জা আব্বাসের আবেদনটি শুনানির জন্য ছিল। মির্জা আব্বাসের আইনজীবী জয়নুল আবেদীন আদালতে বলেন, এর আগে গাড়ি পোড়ানোর দুই মামলায় হাইকোর্ট বিভক্ত আদেশ দিয়েছেন। এখনো বিষয়টি তৃতীয় বেঞ্চে যায়নি। এ যুক্তি দেখিয়ে তিনি শুনানি এক সপ্তাহ মুলতবির আরজি জানান।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, যেহেতু তাঁরাই আবেদন করেছেন এবং সময় চেয়েছেন, এ জন্য দুদকের পক্ষ থেকে আর বিরোধিতা করা হয়নি। আদালত মুলতবির আবেদন মঞ্জুর করেছেন। ২৭ এপ্রিল আবেদনটি শুনানির জন্য আবার কার্যতালিকায় আসবে।
গতকাল মির্জা আব্বাস আদালতে যাননি। এ বিষয়ে তাঁর আইনজীবী এম মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, নিরাপত্তাজনিত কারণে মির্জা আব্বাস আদালতে উপস্থিত হতে পারেননি। সময় চাওয়ার পেছনে এই যুক্তি দেওয়া হয়েছে এবং আদালত তা গ্রহণ করে সময় মঞ্জুর করেছেন।
সাংবাদিকদের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত বছরের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় করা দুদকের এক মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের এ আবেদন করেন মির্জা আব্বাস। এ মামলা প্রসঙ্গে খুরশীদ আলম খান জানান, এ মামলার এজাহারে আসামি হিসেবে মির্জা আব্বাসের নাম না থাকলেও অভিযোগপত্র দাখিল হয়েছে এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ফলে আইনের দৃষ্টিতে এ মামলায় তিনি ‘পলাতক’।
গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন ও মতিঝিল থানায় করা দুটি মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন মির্জা আব্বাস। এ আবেদন দুটিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেওয়ায় তা এখন তৃতীয় বেঞ্চে যাবে। তবে গতকাল পর্যন্ত এ দুটি আবেদন শুনানির জন্য তৃতীয় বেঞ্চে যায়নি।