মির্জা আব্বাসের জামিন শুনানি এখন তৃতীয় বেঞ্চে

গাড়ি পোড়ানোর দুই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিনের বিষয়ে শুনানির জন্য তৃতীয় বেঞ্চ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি। এর আগে এই দুই মামলায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছিলেন।
আজ রোববার মির্জা আব্বাসের আইনজীবী এহসানুর রহমান জানান, এখন এ দুটি মামলার আগাম জামিনের আবেদন নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আরেক মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসের আগাম জামিনের জন্য আগামীকাল শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে. বি. এম হাসানের বেঞ্চে ওই শুনানি হবে।
গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে গত বছরের ২৮ ডিসেম্বর পল্টন থানায় এবং চলতি বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানায় পৃথক দুটি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়। এ দুটি মামলাসহ গত বছরের ৬ মার্চ শাহবাগ থানায় দুদকের করা একটি মামলায় গত ১২ এপ্রিল হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন মির্জা আব্বাস। ১৩ এপ্রিল পল্টন ও মতিঝিল থানার মামলায় করা আবেদনের শুনানি হয়, আর দুদকের মামলায় করা আবেদন শুনানির জন্য নির্ধারিত বেঞ্চে যেতে বলেন আদালত।