ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর দুই মামলায় আগাম জামিনের আবেদন শুনানির জন্য নতুন বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ সোমবার এ আবেদনের শুনানি হতে পারে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ গতকাল রোববার বলেন, জামিন আবেদন দুটি শুনানির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি। আজ এ আবেদন দুটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।
গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে গত বছরের ২৮ ডিসেম্বর পল্টন থানায় ও চলতি বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানায় মির্জা আব্বাসকে আসামি করে পৃথক দুটি মামলা হয়। এ দুই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন মির্জা আব্বাস। ১৫ এপ্রিল জামিন প্রশ্নে বিভক্ত আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক মির্জা আব্বাসের তিন সপ্তাহের জামিন মঞ্জুর করলেও দ্বিতীয় বিচারক তা খারিজ করে তাঁকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেন। ২৩ এপ্রিল ওই বেঞ্চের দেওয়া আদেশের সত্যায়িত অনুলিপিসহ সংশ্লিষ্ট নথি প্রধান বিচারপতির কাছে যায়। এরপর জামিন আবেদন দুটি নিষ্পত্তির জন্য গতকাল নতুন বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায়ও মির্জা আব্বাসের আগাম জামিন আবেদনের শুনানি আজ হতে পারে। ২১ এপ্রিল এ আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও মির্জা আব্বাসের আইনজীবীরা সময়ের আবেদন জানালে তা ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়।