মির্জা আব্বাসের জামিনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা আব্বাস
মির্জা আব্বাস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আগাম জামিন আবেদনের শুনানি হয়নি। আগামী ২৭ এপ্রিল আবেদনটি আবার শুনানির জন্য কার্যতালিকায় উঠবে।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার আবেদনটি শুনানির জন্য ওঠে।

এ সময় আদালতে আব্বাসের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এম মাহবুবউদ্দিন খোকন। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী এহসানুর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে এহসানুর রহমান বলেন, মির্জা আব্বাস নিরাপত্তার কারণে আদালতে আসতে পারছেন না বলে আমরা শুনানির জন্য সময়ের আবেদন করি। পরে আদালত সময় মঞ্জুর করেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আগামী ২৭ এপ্রিল আবেদনটি শুনানির জন্য আদালতের কার্যতালিকা উঠবে।

সাংবাদিকদের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত বছরের ৬ মার্চ শাহবাগ থানায় করা দুদকের এক মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের এ আবেদন করেন মির্জা আব্বাস। একই সঙ্গে পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর দুটি মামলায়ও হাইকোর্টের অন্য একটি বেঞ্চে আগাম জামিনের আবেদন করেন তিনি। এই দুই মামলায় তাঁর জামিনের ব্যাপারে বিভক্ত আদেশ দিয়েছেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ।