মির্জা আব্বাসের জামিনের শুনানি ২১ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আগাম জামিন আবেদন শুনানির জন্য ২১ এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চে গতকাল বৃহস্পতিবার মির্জা আব্বাসের জামিন আবেদন নিয়ে যান তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এম মাহবুবউদ্দিন খোকন প্রমুখ। সঙ্গে ছিলেন আইনজীবী এহসানুর রহমান। তিনি জানান, তাঁরা জামিন আবেদনটি এই আদালতে নিষ্পত্তির আরজি জানালে আদালত তা গ্রহণ করেন এবং শুনানির দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, দুদকের করা দুর্নীতির মামলা-সংক্রান্ত সব ধরনের আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টের এ বেঞ্চটি নির্ধারিত রয়েছে।
সাংবাদিকদের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত বছরের ৬ মার্চ শাহবাগ থানায় করা দুদকের এক মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের এ আবেদন করেন মির্জা আব্বাস। একই সঙ্গে পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর দুটি মামলায়ও আগাম জামিনের আবেদন করেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চে। তবে হাইকোর্টের ওই বেঞ্চ গাড়ি পোড়ানোর দুটি মামলায় জামিন আবেদনের শুনানি নিলেও দুদকের মামলায় শুনানি নেননি। দুদকের মামলায় করা আবেদন শুনানির জন্য আদালত মির্জা আব্বাসের আইনজীবীদের নির্ধারিত বেঞ্চে যেতে বলেন। আর গাড়ি পোড়ানোর দুই মামলায় জামিনের ব্যাপারে বিভক্ত আদেশ দেন ওই আদালত।