মির্জা আব্বাসের দুই মামলায় জামিন বহাল, একটি স্থগিত
গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকরতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তাঁর বিরুদ্ধে করা আরও দুই মামলায় জামিন মঞ্জুরের আদেশ স্থগিত করেননি আদালত। পৃথক তিন মামলায় ২৪ আগস্ট হাইকোর্ট মির্জা আব্বাসের চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এক মামলার ক্ষেত্রে জামিন স্থগিত করেন। তবে দুই মামলার ক্ষেত্রে কোনো আদেশ দেননি। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং মির্জা আব্বাসের পক্ষে মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন। জানা যায়, ২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আগের রাতে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে তিনটি মামলা হয়। ২৯ জুন পল্টন, মতিঝিল ও রমনা থানায় মামলাগুলো করা হয়। হরতালের দিনই তিনি গ্রেপ্তার হন। বর্তমানে মির্জা আব্বাস কারাগারে আছেন।