হরতাল ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল রোববার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সার্বিক বিষয় নিয়ে চেয়ারপারসন দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, সামনের দিনগুলোতে কী ধরনের কর্মসূচি পালন করা যায়, তাও আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।মির্জা আব্বাসের বাড়িতে খালেদা: গতকাল রাত সাড়ে ১০টার দিকে খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে যান। তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। গতকাল হরতাল চলাকালে মির্জা আব্বাস গ্রেপ্তার হন। এরপর র্যাব ও পুলিশের সদস্যরা আব্বাসের বাড়িতে ঢুকে কর্মী-সমর্থকদের মারধর করেন। খালেদা জিয়া সেখানে কিছু সময় কাটান। তিনি আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের কাছে ঘটনা সম্পর্কে জানতে চান।খালেদা জিয়ার বিবৃতি: খালেদা জিয়া এক বিবৃতিতে হরতালকে সফল উল্লেখ করে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপির চেয়ারপারসন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় র্যাব-পুলিশের হামলা ও সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর ওপর হামলার নিন্দা জানান। তিনি দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান।