মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিল আবেদন (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। মির্জা আব্বাসের পক্ষে ছিলেন নিতাই রায় চৌধুরী।
২০০৭ সালের ১৬ জুলাই রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির এ মামলাটি করে দুদক। এতে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ছয় কোটি টাকার সম্পদ অর্জন এবং প্রায় সোয়া তিন কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। মামলাটি ঢাকা বিশেষ জজ আদালত-৬-এ অভিযোগ গঠন পর্যায়ে থাকাকালে এটি বাতিলের জন্য মির্জা আব্বাস হাইকোর্টে রিট আবেদন করেন। ২০১০ সালের ১৩ অক্টোবর হাইকোর্ট নিম্ন আদালতে বিচারাধীন মামলাটি বাতিল ঘোষণা করেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০১১ সালে আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক।
দুদকের আইনজীবী মামুন মাহবুব প্রথম আলোকে বলেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে ওই মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, আপিল বিভাগ তা বাতিল করে দিয়েছেন। আদালত বলেছেন, নিম্ন আদালতে মামলাটি চলবে।