মির্জা ফখরুল ও খন্দকার মোশাররফ কাশিমপুর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার রাতে তাঁদের ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়।
কারা সূত্র জানায়, রোববার রাতে মির্জা ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়। ওইদিন তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালাম রমনা ও শাহবাগ থানার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে রমনা ও শাহবাগ থানায় করা এসব মামলায় গত ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আবদুস সালাম। রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের আবেদন করে। ৯ মার্চ আপিল বিভাগ তাঁদের জামিন বাতিল করেন। রোববার তাঁরা ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
এদিকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রোববার রাত নয়টার দিকে কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ স্থানান্তর করা হয়। কারাগারের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।