মির্জা ফখরুল কারাগারে রিমান্ড আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। ছবিটি সিএমএম কোর্ট এলাকা থেকে তোলা l প্রথম আলো
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। ছবিটি সিএমএম কোর্ট এলাকা থেকে তোলা l প্রথম আলো

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া গতকাল বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত মির্জা ফখরুলের জামিনের আবেদনও নাকচ করে দেন।
গত মঙ্গলবার বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি এর আগে প্রায় ২৫ ঘণ্টা প্রেসক্লাবের ভেতরে অবরুদ্ধ ছিলেন। এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থিত সাংবাদিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ডিবি কার্যালয় থেকে ফখরুলকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাঁকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ৪ জানুয়ারি পল্টন থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পিপি (কৌঁসুলি) আবদুল্লাহ আবু ও মো. ওমর ফারুক।
রিমান্ড আবেদনের বিরোধিতা করে ও ফখরুলের জামিন চেয়ে শুনানি করেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। শুনানিতে তাঁরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অসুস্থ। তিনি ডায়াবেটিস, হৃদরোগসহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। এ ছাড়া একই ধরনের মামলায় বিএনপির দুজন জ্যেষ্ঠ নেতা জামিনে আছেন। এ জন্য মির্জা ফখরুলকেও জামিন দেওয়া যায়। রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ মামলার সব নথিপত্র আদালতে উপস্থাপন করেনি।
তবে রাষ্ট্রপক্ষ দাবি করেছে, রিমান্ড আবেদনের জন্য প্রয়োজনীয় মামলার সব নথি তারা আদালতে জমা দিয়েছে।
দুই পক্ষের শুনানি শেষে রিমান্ড ও জামিনের দুটি আবেদনই নামঞ্জুর করে আদেশ দেন আদালত। আদেশে বলা হয়, পুলিশ চাইলে আগামী ১০ কার্যদিবসের মধ্যে মির্জা ফখরুলকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সংঘর্ষের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা রয়েছে। আদালত সূত্র জানায়, ৪ জানুয়ারি রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় পাঁচটি ও মতিঝিল থানায় একটি মামলা হয়। এর সবগুলোতেই মির্জা ফখরুলকে আসামি করা হয়েছে।
মির্জা ফখরুলকে হাজির করা উপলক্ষে বিএনপিসমর্থিত বিপুলসংখ্যক আইনজীবী গতকাল আদালত চত্বরে অবস্থান নেন। তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল করেন।