মির্জা ফখরুল তদন্ত কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত প্রভাবিত করতে মামলা দুটির তদন্ত কর্মকর্তাকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। প্রতিমন্ত্রী গতকাল সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। তিনি বলেন, সম্প্রতি মির্জা ফখরুল এনএসআইয়ের পরিচালক শফিকুল্লাহ ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের নাম উল্লেখ করে এই বলে হুমকি দিয়েছেন, তারেক রহমানকে এসব মামলায় জড়ানো হলে আগামীতে ক্ষমতায় এলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।কামরুল ইসলাম বলেন, মামলা দুটি বর্তমানে অধিকতর তদন্তে আছে। মামলার তদন্তকারী কর্তৃপক্ষকে হুমকি ন্যায়বিচার ও আইনের পরিপন্থী। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের হুমকি দেওয়া থেকে বিরত থাকতে তিনি মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘যাদের সাহায্যে সেদিন এসব ঘটনা ঘটেছিল, সেই রেজ্জাকুল হায়দার (ডিজিএফআইয়ের সাবেক পরিচালক), রুমী (ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাদিক হাসান রুমী), আবদুর রহিম (এনএসআইয়ের সাবেক মহাপরিচালক), মুফতি হান্নানের (জঙ্গি সংগঠনের নেতা) জবানবন্দিতে ঘটনার নেপথ্য নায়কদের নাম বেরিয়ে আসছে।’আইন প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান বা যত বড় মাপের প্রভাবশালী ব্যক্তিই হোন, তদন্তে যাঁদের নাম বেরিয়ে আসবে, তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বিজ্ঞপ্তি