মির্জা ফখরুল বাসায় ফিরেছেন, মুক্তি পেয়েছেন গয়েশ্বর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গত মঙ্গলবার তিনি জামিনে মুক্তি পেয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে সাত মাসের বেশি সময় কারাগারে থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে গতকাল সন্ধ্যায় মুক্তি পেয়েছেন।
তিন মামলায় মির্জা ফখরুলের ছয় সপ্তাহের আগাম জামিন গত সোমবার বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পান। তিনি প্রায় এক মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কারাকক্ষে চিকিৎসাধীন ছিলেন। মুক্তির পর তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গতকাল তিনি বাসায় ফেরেন। ঈদের পর চিকিৎসার জন্য তাঁর বিদেশে যাওয়ার কথা রয়েছে।
এদিকে গয়েশ্বর চন্দ্র রায় গতকাল সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান। তাঁর ব্যক্তিগত সহকারী কে এম আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ২২ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায়কে তাঁর সিদ্ধেশ্বরীর বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ২৭টি মামলা হয়।