মির্জা ফখরুলকে আত্মসমর্পণ করতে হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ বাড়াননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তাঁকে আজ মঙ্গলবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল সোমবার ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি হয়। আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
পরে সগীর হোসেন সাংবাদিকদের বলেন, আদালত মির্জা ফখরুলের আত্মসমর্পণের মেয়াদ বাড়াননি। তাঁর জামিনের বিষয়ে হাইকোর্ট যে রুল দিয়েছেন, তা দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, যেহেতু আদালত মির্জা ফখরুলের আত্মসমর্পণের মেয়াদ বাড়াননি, এ আদেশ সোমবার দিয়েছেন ও তিনি দেশে আছেন, তার অর্থ মঙ্গলবার তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
১৩ জুলাই শারীরিক অবস্থা বিবেচনা করে মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে দুই দফায় তাঁর জামিনের মেয়াদ বাড়ান আদালত।
চলতি বছরের শুরুতে ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলা ছয়টি ও মতিঝিল থানার একটি। সবগুলোতে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।