মির্জা ফখরুলকে এক মামলায় জামিন অন্যটিতে নামঞ্জুর
অবরোধ কর্মসূচিতে সহিংসতাজনিত বেশ কয়েকটি মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার এক মামলায় জামিন পেয়েছেন। তবে আরেকটি মামলায় তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ফখরুলের জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক। একই আদালত কলাবাগান থানায় করা পুলিশের কাজে বাধা দেওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জামিন আবেদন নাকচ করেছেন। এই নিয়ে চারটি মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল ইসলাম।গতকাল মির্জা ফখরুলের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতকে বলেন, মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তাঁর বিরুদ্ধে পুলিশকে মারধর, পুলিশের কাজে বাধা, চুরি এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অভিযোগ লজ্জাজনক। শুধু রাজনৈতিক কারণে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আটক রাখা হচ্ছে। জামিন দেওয়া হলে তাঁর পালানোর আশঙ্কা নেই। শুনানি শেষে আদালত একটি মামলায় জামিনের আদেশ দেন। অন্যটিতে নাকচ করে দেন।গত বছরের ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচিতে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়। এসব মামলায় মির্জা ফখরুলকে হুকুমের আসামি করা হয়েছে। এর মধ্যে পর্যায়ক্রমে ছয়টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত প্রতিটি মামলায় রিমান্ড ও জামিনের আবেদন দুটিই নাকচ করে দেন।