মির্জা ফখরুলকে এক মামলায় জামিন দুটিতে নাকচ
রাজধানীর শাহবাগ ও রমনা থানার পৃথক তিনটি হত্যা মামলার একটিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। অপর দুই মামলায় জামিন আবেদন নাকচ করে দেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম এই আদেশ দেন।
মির্জা ফখরুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করার আগে সকাল থেকে এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়।
মির্জা ফখরুলের পক্ষে জামিন চেয়ে আইনজীবীরা আদালতকে বলেন, মামলাগুলোতে মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা, বানোয়াট। শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁকে মামলাগুলোতে জড়ানো হয়েছে। তা ছাড়া এই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তিনি জামিনের অপব্যবহার করেননি। আইন মেনেই আত্মসমর্পণ করেছিলেন। তাই জামিন পেতে পারেন।
আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মোসলেহ উদ্দিন জসিম ও সাজ্জাদ হায়দার। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার, ওমর ফারুক আসিফ ও মাহফুজুর রহমান।
মির্জা ফখরুল ইসলামকে আদালত গতকাল বাংলামোটর ট্রাফিক বক্সের সামনে বাসে পেট্রলবোমা মেরে পুলিশ সদস্য ফেরদৌস খলিল হত্যা মামলায় জামিন দেন।