মির্জা ফখরুলকে বিএসএমএমইউয়ে ভর্তি করার নির্দেশ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া তাঁকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন, তাঁকে সহযোগিতা করেন এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এহসানুর রহমান পরে প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন), উপ-কারা মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক ও কাশিমপুর কারাগারের পার্ট-২-এর উপ-কারাধ্যক্ষকে (ডেপুটি জেলার) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।