মির্জা ফখরুলকে বিশেষ ব্যবস্থায় আদালতে হাজির করার নির্দেশ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানের পরিবর্তে বিশেষ ব্যবস্থায় আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। ৩ জানুয়ারি ফখরুলকে মতিঝিল ও সূত্রাপুর থানার বিস্ফোরক দ্রব্য আইন এবং গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত ৮ জানুয়ারি বিএনপি নেতার উপস্থিতিতে রিমান্ডের শুনানির তারিখ ধার্য করেন। গতকাল রোববার ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া এক আবেদনে আদালতকে বলেন, মির্জা ফখরুল অসুস্থ। এ কারণে তাঁকে নিয়মিত প্রিজন ভ্যানে না এনে বিশেষ ব্যবস্থায় আদালতে আনা প্রয়োজন। শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মাদ সাইফুর রহমান আবেদন মঞ্জুর করেন। ২ জানুয়ারি পল্টন ও শেরেবাংলা নগর থানার পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান মির্জা ফখরুল। গতকাল এই দুটি মামলায় জামিননামা দাখিল করা হয়েছে।