মির্জা ফখরুলকে মুক্তি না দিলে ২৪ ফেব্রুয়ারি কুমিল্লায় হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে ২৪ ফেব্রুয়ারি কুমিল্লায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা-৯ (সদর দক্ষিণ) ও কুমিল্লা-১১ (নাঙ্গলকোট) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ১২ ফেব্রুয়ারি জেলা নির্বাচন কার্যালয়ের সামনে আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লায় আয়োজিত এক মহাসমাবেশে ওই ঘোষণা দেওয়া হয়। মির্জা ফখরুল মুক্তি পরিষদ ও সদর দক্ষিণ জাতীয় ঐক্য সংহতি পরিষদের উদ্যোগে ওই মহাসমাবেশ হয়। বেলা তিনটায় নগরের কান্দিরপাড় টাউন হল মাঠে ওই মহাসমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক, কুমিল্লা-১১ (নাঙ্গলকোট) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর, মির্জা ফখরুল মুক্তি পরিষদের আহ্বায়ক ওবায়দুল কবির ও সদস্যসচিব ফিরোজ আহমেদ। সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, ২০ ফেব্রুয়ারির মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে মুক্তি না দিলে ২৪ ফেব্রুয়ারি কুমিল্লায় পূর্ণদিবস হরতাল করা হবে। একই সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, কেন্দ্রীয় নেতা তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন ও রুহুল কবির রিজভীর বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে। সমাবেশে বিএনপিদলীয় সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া বলেন, অবিলম্বে কুমিল্লা-৯ ও ১১ আসনকে আগের সীমানায় পুনর্বহাল করতে হবে। তা না হলে ১২ ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করা হবে। সমাবেশে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, ‘আমরাই বিএনপির মূলধারা। যাঁরা দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করেন, তাঁরা কখনো শহীদ জিয়ার সৈনিক হতে পারেন না। মির্জা ফখরুলের মুক্তি না দিলে কুমিল্লা থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’