মির্জা ফখরুলদের বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জানুয়ারি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আদালত। গতকাল বুধবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতাউল হক ২৯ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন।
গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকনসহ ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। আরেক আসামি গয়েশ্বর চন্দ্র রায় অন্য একটি মামলায় আটক আছেন। তাঁকে গতকাল হাজির না করায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। মামলার চার আসামি পলাতক রয়েছেন।
২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় এই মামলা করে তেজগাঁও থানার পুলিশ। তদন্ত শেষে পুলিশ বিএনপির নেতা মির্জা ফখরুল, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী ও আমান উল্লাহসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।