বিএনপির ডাকা হরতালে সচিবালয়ের ভেতরে-বাইরে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে। গতকাল মঙ্গলবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক ২৯ জানুয়ারি এই শুনানির দিন ধার্য করেন।মির্জা ফখরুল এই মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় কারাগারে আটক আছেন। গত ১০ ডিসেম্বর পল্টন থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আরও ৩৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।গতকাল শুনানি শেষে আদালত ২৯ জানুয়ারি মির্জা ফখরুলসহ বাকি আসামিদের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন।বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ের ভেতরে-বাইরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হীরেন্দ্রনাথ প্রামাণিক এই মামলা করেন। ৩১ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।