মির্জা ফখরুলসহ কয়েকজনের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজনের বিরুদ্ধে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য শেখ রইসুল আলম এ জিডি করেন।জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন ঊর্ধ্বতন নেতা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক শফিকুল্লাহ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাঁরা প্রকাশ্যে বলছেন, এই মামলায় তারেক রহমানকে জড়ানো হলে তদন্ত কর্মকর্তাদের তাঁরা দেখে নেবেন। এ ধরনের হুমকি মামলার সঠিক তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে প্রতীয়মান হচ্ছে। এ পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য হুমকিদাতাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।জিডিতে হুমকি দেওয়ার তারিখ ও স্থান উল্লেখ না করার কারণ জানতে চাইলে শেখ রইসুল আলম বলেন, ছয়-সাত দিন আগে এ হুমকি দেওয়া হয়েছে। তাই উল্লেখ করা হয়নি।এ প্রসঙ্গে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, ‘এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’