মির্জা ফখরুলসহ বিএনপির ছয় নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয় নেতা জামিন পেয়েছেন। গতকাল সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
বিএনপির অন্য নেতারা হলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায় ও মাহবুব উদ্দিন খোকন।
৭ জানুয়ারি রমনা থানায় করা মামলায় গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথক মামলায় একই বেঞ্চ বাকি নেতাদের বিভিন্ন মেয়াদে জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রমনা থানার তিন মামলা ও শাহবাগ থানার এক মামলায় আট সপ্তাহের জামিন পান। এই চারটি মামলা ছাড়াও আমান কেরানীগঞ্জ থানার দুটি ও সাভার থানার তিন মামলায় চার সপ্তাহ করে জামিন পেয়েছেন।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে বাসে অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনায় বিভিন্ন থানায় পুলিশের করা একাধিক মামলায় বিএনপির নেতাদের আসামি করা হয়।
আবেদনকারীদের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, সগীর হোসেন প্রমুখ মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
চট্টগ্রামে করা দুটি মামলায় একই বেঞ্চ আমির খসরু মাহমুদ চৌধুরীর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শাকিলা ফারজানা। খোকনের মুক্তিতে বাধা নেই: পৃথক তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিনের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন একই বেঞ্চ। মতিঝিল থানায় দুটি ও রমনা থানায় করা এক মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। মাহবুব উদ্দিনের পক্ষে আইনজীবী রফিক-উল হক, এম বদরুদ্দোজা, এহসানুর রহমান ও সাকিব মাহবুব মামলা পরিচালনা করেন। পরে সাকিব মাহবুব প্রথম আলোকে বলেন, তিন মামলায় জামিন পাওয়ায় তাঁর (খোকন) কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।