মির্জা ফখরুলসহ ২০ জনকে অব্যাহতির শুনানি ৩০ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলামোটর মোড়ে বাসে পেট্রলবোমা মেরে পুলিশ সদস্য হত্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ জন নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়ার আবেদনের শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
চলতি বছরের ১৭ মে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ওই মামলার তদন্ত শেষে মির্জা ফখরুলসহ ২০ জনের অব্যাহতি চেয়ে ও সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। গতকাল বৃহস্পতিবার মামলার প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন না করায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন। মামলাটির তদন্ত করেন ডিবির উপপরিদর্শক (এসআই) বাহাউদ্দিন ফারুকী। তাঁকেও ওই দিন হাজির থাকতে বলা হয়েছে। ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন।
এ মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাত সোয়া ১১টার দিকে বাংলামোটর ট্রাফিক পুলিশ বক্সের অদূরে পুলিশের রিকুইজিশন করা বাসে পেট্রলবোমা ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসে আগুন ধরে যায় এবং ট্রাফিক কনস্টেবল ফেরদৌস খলিল মারা যান। কনস্টেবল ফাইজুল ইসলাম ও বাসচালক মো. বায়েজিদ গুরুতর দগ্ধ হন। এ ঘটনায় ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রমনা থানায় এ হত্যা মামলা করা হয়।