মির্জা ফখরুলসহ ২৬ জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকত উল্লা, বিএনপি নেতা সাইফুল আলম, আবদুস সালাম, সালাউদ্দিন আহম্মেদ, ওবাইদুল হক, মহিদুল ইসলাম, জামায়াত নেতা শফিকুর রহমান ও শফিকুল ইসলাম।
২০১৪ সালের ৩ জানুয়ারি হরতাল চলাকালে পরীবাগ মোড়ে যাত্রীবাহী বাসে বোমা হামলা হয়। এতে বাসযাত্রী শাহীনা আক্তার ও ফরিদ মিয়া মারা যান। বাসের চালক বাবুল মিয়া গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করে। গত বছরের ২৯ এপ্রিল ডিবি পুলিশ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তদন্তে মির্জা ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। ৩০ সেপ্টেম্বর অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে অনুমতি দেয় মন্ত্রণালয়। গতকাল আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। অভিযোগপত্রে বিএনপি কর্মী রবিউল ইসলাম, যোবায়ের হোসেনসহ ছয়জনকে আসামি করা হয়েছে।