মির্জা ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা দুটি মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে। গতকাল রোববার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ ১৪ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন।

গতকাল এ দুটি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মামলার আসামি সাংসদ মওদুদ আহমদ, শহীদ উদ্দীন চৌধুরী ও বরকত উল্লার পক্ষে গতকাল সময়ের আবেদন করা হয়। আবেদনে বলা হয়, এই তিনজন জাতীয় সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি। তাই সময় প্রয়োজন। গতকাল এ দুই মামলার আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আদালতে হাজির ছিলেন। বিএনপির ডাকা একটি হরতালের আগের রাতে রাজধানীর শাহজাহানপুর ও পল্টন থানা এলাকায় ভাঙচুর ও বোমা হামলার ঘটনায় এ দুটি মামলা করা হয়। শাহজাহানপুর থানায় করা মামলায় মির্জা ফখরুলসহ ২৩ জন এবং পল্টন থানায় করা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।