মির্জা ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক এই তারিখ ধার্য করেন। মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহসহ এ মামলার ১৬ জন আসামি গতকাল আদালতে হাজির ছিলেন। বাকি আসামিদের পক্ষে সময়ের আবেদন করা হয়।
২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার পুলিশ এ মামলাটি করে। তদন্ত শেষে গত বছরের ২৬ মার্চ মির্জা ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
একই আদালতে বিচারাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে পল্টন থানায় করা পৃথক মামলার শুনানিও গতকাল হয়নি। আদালত ওই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১০ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন।