মির্জা ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ডিবি পুলিশের কর্মকর্তা ফজলুর রহমান এই অভিযোগপত্র দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মাহমুদুর রহমান প্রথম আলোকে জানান, গত বছরের ২ মার্চ সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মির্জা ফখরুলসহ বিএনপির ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

ফখরুল ছাড়া অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দীন চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু ।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২ মার্চ রমনা থানাধীন শান্তিবাগ থেকে মালিবাগ মোড় এলাকায় বিএনপির নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীরা গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক (এসআই) আশফাক রাজীব হাসান বাদী হয়ে রমনা থানায় ওই মামলাটি করেন।